সোনারগাঁয়ে ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ জুনকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি থেকে পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৩ জুন) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটক এবং মেঘনা শিল্পনগরীর নিউটাউন টোলপ্লাজা এলাকায় পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এ দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে পরিচ্ছন্নতা চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

মানববন্ধনে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বিডি ক্লিন নারায়ণগঞ্জের জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণা করা হলে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি ক্লিন ভবিষ্যতেও পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষঃ