জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা আনতে সরকার আন্তরিক: নৌবাহিনী প্রধান

জাহাজ নির্মাণ শিল্পে বিদেশী নির্ভরশীলতা কমিয়ে দেশের ভেতরেই কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি উৎপাদন গুরুত্বপূর্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ শিল্পে বিদেশি নির্ভরশীলতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনে সরকার আন্তরিক।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)-এ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, দেশীয় প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে জাহাজ নির্মাণে আরও দক্ষ ও আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের স্বনামধন্য শিপইয়ার্ড ডিইডব্লিউ-এর সঙ্গে যৌথভাবে জাহাজ নির্মাণে আগ্রহ দেখিয়েছে। এসব সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি দেশের জাহাজ নির্মাণ খাতে যুক্ত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে স্বনির্ভরতা অর্জনের জন্য জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশেই উৎপাদন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অবহিত করা হয়েছে।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ফ্লোটিং ক্রেন নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে নৌবাহিনীর জাহাজ মেরামত, উদ্ধার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

ডিইডব্লিউ-এর অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক শিপবিল্ডিং শেড নির্মাণ, ওয়ার্কশপ সম্প্রসারণ এবং প্রায় ১০ হাজার বর্গমিটার আউটফিটিং ওয়ার্ক এরিয়া উন্নয়নের ফলে প্রতিষ্ঠানটি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ৮০০ দক্ষ ও অর্ধদক্ষ জনবলের কর্মসংস্থান সৃষ্টি করে প্রতিষ্ঠানটি দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে।

তিনি বলেন, ভবিষ্যতে নৌবাহিনী ও কোস্টগার্ডের বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণে দেশীয় শিপইয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিইডব্লিউ ও খুলনা শিপইয়ার্ডের মতো দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের প্রতি আরও পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ