মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর রোড, ইস্পাহানী এলাকার বাসিন্দা মোঃ রমজান মিয়া দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ ও সহযোগিতা চেয়ে আবেদন করেছেন।

জানা যায়, মোঃ রমজান মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেন। তবে বর্তমানে তিনি এ পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান বলে জানান। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না বলেও অঙ্গীকার করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, মোঃ রমজানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের একটি মামলা ছাড়াও আরও প্রায় ১০টি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আত্মসমর্পণপত্রে তিনি বলেন, বর্তমানে তিনি কোনো ধরনের মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। যদি পুনরায় এমন কর্মকাণ্ডে জড়িত হন, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিলে তা মেনে নেবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেন।

এছাড়া তিনি ভবিষ্যতে সৎ পথে উপার্জন করে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে যথাযথ সহায়তা চেয়ে আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “যদি তিনি সত্যিকার অর্থে ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।”

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ